টেইলর সুইফট–ট্রাভিস কেলসি জুটির বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। বাগ্দানের পর থেকেই ভক্তদের আগ্রহ ছিল এ তারকা জুটির বিয়ে নিয়ে। অবশেষে জানা গেছে, ২০২৬ সালের গ্রীষ্মকে লক্ষ্য করেই শুরু হয়েছে প্রস্তুতি।
গায়িকার ঘনিষ্ঠ সূত্রের বরাতে ইউএস সান জানায়, শুরুতে ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা থাকলেও তা থেকে সরে এসেছেন তারা। পরিবর্তে সুইফটের রোড আইল্যান্ডের ১৭ মিলিয়ন ডলারের বিলাসবহুল বাড়িকেই বিয়ের ভেন্যু হিসেবে সাজানো হচ্ছে। বাড়ির আঙিনায় নতুন করে বাগান তৈরি ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।
সূত্র জানায়, সুইফট চান তার বিয়ের পুরো আয়োজন ফুলে সাজানো হোক। অতিথিদের জন্য লাল গোলাপের তোড়া উপহার দেওয়ার পরিকল্পনাও রয়েছে তার। একটি ঘনিষ্ঠ সূত্র বলেছে, ছোটবেলা থেকেই সুইফটের ইচ্ছা ছিল ফুলের সমুদ্রে দাঁড়িয়ে বিয়ে করার।
বিয়ের প্রস্তুতি আরও এগিয়েছে ব্রাইডসমেড চূড়ান্ত করার মধ্য দিয়ে। দীর্ঘদিনের বন্ধু সেলেনা গোমেজ ও জিজি হাদিদকে ব্রাইডসমেড হিসেবে ঠিক করেছেন সুইফট।
শুরুতে সীমিত পরিসরে আয়োজনের কথা ভাবা হলেও এখন বড়সড় আয়োজনের দিকে ঝুঁকেছেন তিনি। জানা গেছে, অন্তত ৩০০ অতিথিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। সুইফটের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, জীবনের এমন গুরুত্বপূর্ণ মুহূর্ত ছোট পরিসরে উদ্যাপনের কোনো মানে নেই—এমন সিদ্ধান্তেই পৌঁছেছেন সুইফট।