যুক্তরাজ্যের আশ্রয়ব্যবস্থা সংস্কারের পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির লেবার সরকার। নতুন নীতিতে শরণার্থীদের জন্য দেওয়া সুরক্ষা ব্যাপকভাবে কমিয়ে আনার কথা জানানো হয়েছে। শনিবার এ তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ।
লন্ডনে অবৈধ অভিবাসন ইস্যুতে ব্যাপক চাপের মুখে রয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিশেষ করে কট্টর দক্ষিণপন্থীদের প্রতি জনসমর্থন বাড়ায় সরকারকে আরও কঠোর অবস্থান নিতে হচ্ছে। এমন পরিস্থিতিতেই এ সংস্কার পরিকল্পনা আসে।
স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানান, তিনি আশ্রয়প্রার্থীদের জন্য যুক্তরাজ্যের বিদ্যমান ‘গোল্ডেন টিকিট’ ব্যবস্থা বাতিল করবেন। বর্তমানে শরণার্থী মর্যাদা পাওয়া ব্যক্তিরা পাঁচ বছরের জন্য বসবাসের অনুমতি পান এবং পরে স্থায়ীভাবে বসবাস ও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন।
নতুন পরিকল্পনায় এই মেয়াদ কমিয়ে মাত্র ৩০ মাস করা হবে। পাশাপাশি নিয়মিত পর্যালোচনার ব্যবস্থা থাকবে। পরিস্থিতি নিরাপদ মনে হলে শরণার্থীদের নিজ দেশে ফিরে যেতে বাধ্য করা হতে পারে।
এ ছাড়া স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাসের অনুমতির ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হচ্ছে। এখন যেখানে ৫ বছর পর আবেদন করা যায়, নতুন নীতিতে শরণার্থীদের অপেক্ষা করতে হবে ২০ বছর।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব পরিবর্তনকে ‘আধুনিক যুগের আশ্রয়নীতির সবচেয়ে বড় সংস্কার’ হিসেবে উল্লেখ করেছে।
স্টারমার সরকার ক্ষমতায় আসার পর থেকেই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ বন্ধে চাপের মুখে রয়েছে। এ বছর এখন পর্যন্ত ৩৯ হাজারের বেশি শরণার্থী ছোট নৌকায় করে চ্যানেল অতিক্রম করেছেন বলে জানা গেছে।