মাত্র ৫ মিনিটেই ইতিহাস গড়লেন ১৭ বছর বয়সী লেনার্ট কার্ল। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের মূল একাদশে অভিষেক ম্যাচেই গোল করে রেকর্ডবুক নতুন করে লিখলেন এই তরুণ জার্মান মিডফিল্ডার।
গতকাল রাতে ক্লাব ব্রুগের বিপক্ষে ম্যাচে বায়ার্নের ৪–০ গোলের জয়ে শুরুতেই দলকে এগিয়ে দেন কার্ল। খেলা শুরুর মাত্র পাঁচ মিনিটে দলের প্রথম গোলটি করে তিনি হয়ে গেলেন চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোলদাতা যার বয়স মাত্র ১৭ বছর ২৪২ দিন।
এর আগে এই রেকর্ডটি ছিল জামাল মুসিয়ালার দখলে। চার বছর আগে লাৎসিওর বিপক্ষে গোল করার সময় মুসিয়ালার বয়স ছিল কার্লের চেয়ে ১২১ দিন বেশি। কাকতালীয়ভাবে, মুসিয়ালা তখন যেমন বায়ার্নের ৪২ নম্বর জার্সি পরেছিলেন, কার্লও এই ম্যাচে সেই একই নম্বর জার্সিতেই মাঠে নামেন।
বায়ার্নের ডিফেন্সিভ মিডফিল্ডার আলেক্সান্দার পাভলোভিচ ম্যাচ শেষে বলেন,
“কার্লের সবচেয়ে বড় গুণ তার সাহস। সে আজও সেটা দেখিয়েছে। অসাধারণ ছেলে এবং দুর্দান্ত খেলোয়াড়।”
এই মৌসুমে বায়ার্নের হয়ে এটি কার্লের ১১তম ম্যাচ, তবে প্রথম গোল। বয়সভিত্তিক দল থেকে উঠে এসে দ্রুত মূল দলে জায়গা করে নেওয়া এই তরুণ ফুটবলার ম্যাচে ৬৯ মিনিটে বদলি হওয়ার আগে তিনটি শট নেন, বল নিয়ন্ত্রণ করেন ৪৭ বার এবং তাঁর ৮৬ শতাংশ পাসই সফল।
বায়ার্ন মিউনিখের সমর্থকদের আশা এই পারফরম্যান্সই হয়তো নতুন এক তারকার উত্থানের সূচনা।