বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেছেন দেশের সর্বোচ্চ আদালত।
এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আজ মঙ্গলবার সকালে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হওয়ার আগে এজলাসে দাঁড়িয়ে নীরবতা পালন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও অপর ছয় বিচারপতি। উপস্থিত আইনজীবীরাও দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
এদিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আজ (মঙ্গলবার) বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম শুরু করার আগে এক মিনিট নীরবতা পালন করা এবং বেলা দুইটা থেকে বিচারিক কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।
বিমানবাহিনীর যুদ্ধবিমানটি গতকাল সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিধ্বস্ত হয়। এ ঘটনায় এ পর্যন্ত ২৭ জন নিহত হওয়ার তথ্য জানা গেছে। আহত হয়েছেন দেড় শতাধিক।