শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে জায়গা পাওয়া স্কটল্যান্ড ভারত সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে তাদের বিশ্বকাপ যাত্রায় বাধা সৃষ্টি করেছে স্কোয়াড সদস্যদের ভিসা সংক্রান্ত জটিলতা, বিশেষ করে ফাস্ট বোলার সাফিয়ান শরিফের ক্ষেত্রে, যিনি পাকিস্তানি বংশোদ্ভূত।
সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের তিক্ত কূটনৈতিক সম্পর্কের কারণে পাকিস্তানে জন্ম নেওয়া বা পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের ভারতীয় ভিসা পাওয়া কঠিন হয়ে উঠেছে। ইংল্যান্ডের হাডার্সফিল্ডে জন্ম নেওয়া শরিফের পিতা পাকিস্তানি এবং মা ব্রিটিশ-পাকিস্তানি হওয়ার কারণে এই জটিলতার মুখোমুখি হয়েছেন। সাত বছর বয়সে স্কটল্যান্ডে পাড়ি দেওয়া ডানহাতি পেসার দেশের হয়ে ৯০ ওয়ানডে ও ৭৫ টি-টোয়েন্টি ম্যাচে ১৯৮ উইকেট নিয়েছেন।
ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেড জানিয়েছেন, ভিসা কার্যক্রম সম্পন্ন করার জন্য তারা আইসিসির সঙ্গে কাজ করছেন। তিনি বলেন, “ভিসার বিষয় সবসময়ই কিছুটা অনিশ্চিত থাকে। আমরা খেলোয়াড়দের জন্য দ্রুত ভারতের মাটিতে উপস্থিত হওয়ার চেষ্টা করছি। আইসিসি, বিসিসিআই ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কাজ করে আমাদের প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করছে।”
এর আগে যুক্তরাষ্ট্রের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আলী খান, শায়ান জাহাঙ্গীর, মোহাম্মদ মহসিন ও ইহসান আদিলের ভিসা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। তবে পরে নিশ্চিত করা হয়েছে, ভিসা প্রত্যাখ্যান হয়নি, কেবল বিলম্ব হয়েছে।