ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে ছাত্র–জনতাকে নিয়ে মার্চ শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
আজ সোমবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যালয়ের সামনে থেকে কর্মসূচি শুরু হয়। অংশ নেওয়া ছাত্রজনতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে রওনা দেন। স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। পরে তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে গেছেন।
এর আগে বেলা ১টা ২০ মিনিটের দিকে ছাত্রজনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে এসে পুলিশের বাধার মুখে পড়েন। এরপর তারা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান। এরপর ছাত্রজনতা হাইকোর্ট মাজারের সামনে পৌঁছান। বেলা ১টা ২৩ মিনিটে তারা আবার পুলিশের বাধার মুখে পড়েন এবং পুনরায় ব্যারিকেড ভেঙে অগ্রসর হন।
বেলা ১টা ২৭ মিনিটে তারা শিক্ষা ভবন সংলগ্ন সচিবালয় অভিমুখী সড়কে পুলিশের বাধার মুখে পড়েন এবং সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। সাদিক কায়েমের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বেলা ১টা ৪৫ মিনিটের দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশে রওনা দেন।
এর আগে গতকাল রোববার ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচির ডাক দেন। তিনি ছাত্রজনতাকে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।