দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে চার ভারতীয় ক্রিকেটারকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন। নিষিদ্ধ হওয়া ক্রিকেটাররা হলেন অমিত সিনহা, ইশান আহমেদ, আমান ত্রিপাঠি ও অভিষেক ঠাকুরি।
আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, অভিযুক্ত চার ক্রিকেটারের বিরুদ্ধে গোহাটিতে এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা আসাম ক্রিকেটের অধীনে কোনো পর্যায়ের স্বীকৃত ক্রিকেটে অংশ নিতে পারবেন না। এই চারজনই আসামের বিভিন্ন স্তরের ক্রিকেটে খেলার সঙ্গে যুক্ত ছিলেন।
অভিযোগ অনুযায়ী, লক্ষ্ণৌতে অনুষ্ঠিত সৈয়দ মুশতাক আলী ট্রফির ম্যাচ চলাকালে তারা আসামের কয়েকজন খেলোয়াড়কে দুর্নীতিতে জড়ানোর জন্য প্ররোচিত করেছিলেন। সংশ্লিষ্ট ম্যাচগুলো গত ২৬ নভেম্বর থেকে ৮ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়। তবে ঠিক কী ধরনের দুর্নীতির প্রস্তাব দেওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। উল্লেখ্য, অভিযুক্তদের কেউই বর্তমানে আসাম দলের সদস্য নন।
এ বিষয়ে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শনাতন দাস বলেন, “অভিযোগ পাওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিটের সহায়তায় বিষয়টি তদন্ত করা হয়েছে। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন ফৌজদারি কার্যক্রম শুরু করেছে। অভিযুক্তরা গুরুতর আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।”
ভারতে স্বীকৃত সব পর্যায়ের ক্রিকেটে দুর্নীতির প্রচেষ্টা প্রতিরোধে সাম্প্রতিক সময়ে নজরদারি জোরদার করা হয়েছে। চার ক্রিকেটারের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সেই উদ্যোগেরই অংশ বলে মনে করছেন সংশ্লেষরা।
এদিকে চলতি আসরে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে অংশ নিয়ে আসাম দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।