ঢালিউডের চিরচেনা রঙিন পর্দা থেকে চিরবিদায় নিলেন কিংবদন্তি অভিনেতা ও কালজয়ী নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ। দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই শেষে ৮২ বছর বয়সে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের একটি সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।
ইলিয়াস জাভেদের প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি এই বর্ষীয়ান শিল্পীকে ‘অভিভাবকতুল্য মানুষ’ হিসেবে উল্লেখ করেন।
শাকিব খান তার পোস্টে লেখেন,
“চলে গেলেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক, শ্রদ্ধেয় ইলিয়াস জাভেদ। তার প্রয়াণে আমরা হারালাম শুধু একজন শিল্পীকে নয়, হারালাম একজন অভিভাবকতুল্য মানুষকেও।”
তিনি আরও লেখেন, ইলিয়াস জাভেদ কেবল অভিনয়ের মাধ্যমে নয়, বরং নিজের নাচের জাদুকরী ছন্দে কয়েক দশক ধরে দর্শকদের মুগ্ধ করে রেখেছিলেন।
শাকিব খানের ভাষায়,
“তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিলেও পর্দায় ও শিল্পাঙ্গনে রেখে গেছেন অসংখ্য স্মৃতি ও অবদান, যা তাঁকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখবে। তার সৃষ্টিকর্ম ও অনুপ্রেরণা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।”
ষাট ও সত্তরের দশকের দাপুটে এই নায়ক মূলত তার সুনিপুণ নৃত্যশৈলীর মাধ্যমে ঢালিউডে এক ভিন্ন মাত্রা যোগ করেছিলেন। নাচে সাবলীলতা, অভিব্যক্তির শক্তি ও আধুনিক কোরিওগ্রাফির ছোঁয়ায় তিনি সে সময়ের চলচ্চিত্রে নতুন রূপ এনে দেন।
‘নিশান’, ‘নরম গরম’, ‘তিন রাজকন্যা’সহ অসংখ্য কালজয়ী সিনেমায় তার অভিনয় ও নৃত্য আজও দর্শকদের মনে অম্লান হয়ে রয়েছে।
কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে পুরো চলচ্চিত্র পরিবার। সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করছেন।