মিস ইউনিভার্স মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বিশ্বমঞ্চে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে তিনি বেছে নিয়েছেন হাতে তৈরি রাজকীয় জামদানি শাড়ি। এই শাড়িতেই ফুটে উঠেছে বাংলা শিল্পকলার সূক্ষ্মতা ও নান্দনিকতা।
নিজের জাতীয় পোশাক সম্পর্কে অনুভূতি জানিয়ে মিথিলা বলেন, তাঁর পরা জামদানি শাড়ির প্রতিটি সুতোয় রয়েছে শিল্প, নিষ্ঠা ও চিরন্তন কমনীয়তা। মুঘল যুগের রাজকীয় ঐতিহ্য বহন করা এই জামদানি একসময় রাণী ও অভিজাতদের কাছে ছিল অমূল্য সম্পদ। এখনও এটি বাঙালি ঐতিহ্য ও আভিজাত্যের অনন্য প্রতীক।
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরের তাঁতশিল্পীদের হাতে বোনা মিথিলার এই বিশেষ শাড়িটি তৈরি করতে সময় লেগেছে ১২০ দিনেরও বেশি। সেরা সুতির তন্তু দিয়ে তৈরি শাড়িটিতে ব্যবহার করা হয়েছে স্বর্ণালি জরি এবং শাপলা মোটিফ। শাড়িটির নকশা করেছেন আফ্রিনা সাদিয়া সৈয়দা। একই শাপলা মোটিফ ফুটে উঠেছে মিথিলার গয়নায়ও, যার নকশা করেছেন লরা খান।
২০১৩ সালে ইউনেস্কো জামদানিকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। সেই ঐতিহ্যই বিশ্বমঞ্চে নতুনভাবে তুলে ধরলেন মিথিলা।