ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ক্যারিয়ারে ৯৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবার রাতে সৌদি প্রো লিগে আল-হাজমের বিপক্ষে গোল করে এই অর্জন ছুঁয়েছেন পর্তুগিজ মহাতারকা।
রোনালদোর দল আল নাসর ওই ম্যাচে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছে। ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোলটি করেন রোনালদোর পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স, আর ৮৮ মিনিটে জয়সূচক গোলটি করেন রোনালদো নিজে।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্যাপনের ছবি শেয়ার করে রোনালদো লিখেছেন, “দলকে সাহায্য করতে পেরে এবং ৯৫০ গোল করতে পেরে আনন্দিত। সব সময় আরও বেশি কিছুর জন্য ক্ষুধার্ত।”
রোনালদোর এই মাইলফলকের পর তাঁর হাজার গোল পূর্ণ করতে প্রয়োজন আর মাত্র ৫০ গোল।
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন এই ৪০ বছর বয়সী তারকা। এখন পর্যন্ত তিনি ৮ ম্যাচে করেছেন ৭ গোল—এর মধ্যে ৬টি সৌদি লিগে এবং একটি সৌদি সুপার কাপে।
অন্যদিকে ফেলিক্সও আছেন দুর্দান্ত ফর্মে; প্রো লিগে ৬ ম্যাচে করেছেন ৯ গোল।
সব মিলিয়ে ২০২৫ সালে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৩৮ ম্যাচে রোনালদোর গোল ৩৪টি। এর মধ্যে ক্লাবের হয়ে ৩০ ম্যাচে ২৬ গোল এবং জাতীয় দলের হয়ে ৮ ম্যাচে ৮ গোল।
২০২৬ বিশ্বকাপ ও হাজার গোলের মাইলফলক সামনে রেখে রোনালদো পার করছেন ক্যারিয়ারের আরেকটি উজ্জ্বল বছর।