আজ ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এ উপলক্ষে প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করা হবে। তবে এবার কোনো আনুষ্ঠানিক উৎসব আয়োজন করা হচ্ছে না। শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে বই সংগ্রহ করবে।
মঙ্গলবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, প্রাথমিক স্তরের সব পাঠ্যবই ইতোমধ্যে বিদ্যালয়ে পৌঁছেছে। তবে মাধ্যমিক স্তরের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। এখনো অর্ধেকের বেশি বই মুদ্রণ সম্পন্ন হয়নি। ফলে অধিকাংশ মাধ্যমিক শিক্ষার্থী মার্চ মাসের আগে সব বই পাবে না।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর ও ১–২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই সময়ের মধ্যে বই বিতরণ হবে কি না—এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, উৎসব না করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। রাষ্ট্রীয় শোক থাকলেও ১ জানুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ কার্যক্রম চলবে। শিক্ষকরা নিজ নিজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করবেন।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তথ্যমতে, ২০২৬ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৩৭৯ কপি বই মুদ্রণ করা হয়েছে। এসব বইয়ের ছাপা, বাঁধাই ও কাটিংয়ের কাজ সম্পন্ন করে শতভাগ বই বিতরণের জন্য উপজেলায় পাঠানো হয়েছে।
অন্যদিকে মাধ্যমিক, দাখিল, দাখিল (ভোকেশনাল) ও কারিগরি স্তরের পাঠ্যবই মুদ্রণ ও সরবরাহের কাজ এখনো চলমান। ষষ্ঠ থেকে নবম শ্রেণির মোট ১৮ কোটি ৩২ লাখ ৮ হাজার ৬৯৩ কপি বইয়ের মধ্যে ৭৮ দশমিক ৭২ শতাংশ মুদ্রণ শেষ হয়েছে। এর মধ্যে ৫৮ দশমিক ৬৮ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। ফলে বছরের প্রথম দিনে মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।