ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ও স্ত্রী রোজা আহমেদের সঙ্গে দূরত্বের খবরে গত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বিচ্ছেদের ঘোষণার পর নিজেকে কিছুটা আড়ালে রাখলেও এবার ভক্তদের জন্য এলো চমকপ্রদ খবর। আবারও পর্দায় ফিরছেন তাহসান—তবে কোনো নাটক বা অভিনয়ে নয়, সঞ্চালক হিসেবে।
জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’–এর দ্বিতীয় সিজন নিয়ে শিগগিরই পর্দায় হাজির হচ্ছেন তিনি। প্রথম সিজনে তাহসানের সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনা দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় সিজনেও তার ওপরই আস্থা রেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান।
নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান বলেন,
“এবারের সিজনটা সত্যিই জমে উঠেছে। আয়োজনের পরিসর অনেক বড়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—এবার প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে দেশের ৬৪টি জেলা থেকে। ফলে উত্তরগুলো হয়েছে আরও মজার ও চমকপ্রদ।”
‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’–এর দ্বিতীয় সিজন পরিচালনা করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রযোজনায় রয়েছে বঙ্গ। শোটির সহযোগী হিসেবে যুক্ত হয়েছে দেশের স্বনামধন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠান, যা পুরো আয়োজনকে দিয়েছে বাড়তি জাঁকজমক।
আগামী ১৯ জানুয়ারি থেকে প্রতি সোমবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচারিত হবে অনুষ্ঠানটি। আর যারা সরাসরি দেখতে মিস করবেন, তারা প্রতি বুধবার দুপুর ১টায় পুনঃপ্রচার দেখতে পারবেন।