ভাস্কর নভেরা আহমেদের স্বামীর হাতে স্বাধীনতা পদক

ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খোন্দকার এম. তালহা প্রয়াত ভাস্কর ও শিল্পী নভেরা আহমেদ-এর মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫ তার স্বামী গ্রেগোয়া দ্যু ব্রুন-এর হাতে তুলে দিয়েছেন। পদক হস্তান্তর করা হয় ১৯ অক্টোবর, নভেরা আহমেদ জাদুঘরে অনাড়ম্বর এক অনুষ্ঠানে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সংস্কৃতিতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার নভেরাকে এই মর্যাদাপূর্ণ পদক প্রদান করেছে। যেহেতু স্বামী বাংলাদেশে যেতে পারেননি, তাই ফ্রান্সে হস্তান্তরের দায়িত্ব দূতাবাসকে দেওয়া হয়।

রাষ্ট্রদূত খোন্দকার এম. তালহা বলেন, “নভেরা আহমেদ বাংলাদেশের আধুনিক শিল্প ও ভাস্কর্যের পথিকৃৎ। তার শিল্পকর্ম মানুষের আবেগ, সামাজিক বাস্তবতা ও প্রাকৃতিক সৌন্দর্যকে গভীরভাবে ধারণ করে।”

গ্রেগোয়া দ্যু ব্রুন পদক গ্রহণের পর বলেন, “দেশের সর্বোচ্চ এই সম্মান নভেরার শিল্পকর্মের স্বীকৃতি হিসেবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।” তিনি জানান, নভেরার কাজ ইউরোপের বিভিন্ন রাজকীয় সংগ্রাহকগোষ্ঠী ও টেট মডার্নে বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

উল্লেখ্য, নভেরা আহমেদ বাংলাদেশের আধুনিক ভাস্কর্যশিল্পের অগ্রদূত, ১৯৩৯ সালের ২৯ মার্চ সুন্দরবনে জন্মগ্রহণ করেন। শৈশব কলকাতায় কেটেছে, তবে পরিবারের পৈতৃক নিবাস চট্টগ্রামের আসকারদিঘির উত্তর পাড়ে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *