প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার প্রযুক্তি খাতে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। দেশের ডিজিটাল পাবলিক অবকাঠামো সম্প্রসারণ, শক্তিশালী ডেটা গভর্ন্যান্স কাঠামো গঠন এবং ব্যক্তিগত উপাত্ত সুরক্ষাসহ সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, এসব উদ্যোগ প্রযুক্তিবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি নিরাপদ, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব কাঠামো গড়ে তুলছে। এর ফলে প্রযুক্তিনির্ভর শিল্পায়ন ত্বরান্বিত হচ্ছে, উদ্ভাবন উৎসাহ পাচ্ছে এবং তরুণ উদ্যোক্তাদের সৃজনশীল সক্ষমতা আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে যুক্ত হচ্ছে।
তিনি জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ২৮ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬’ আয়োজন করছে—এটি জেনে তিনি আনন্দিত। এবারের এক্সপোর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড’।
প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, এই প্রতিপাদ্য বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন, যেখানে দেশটি কেবল প্রযুক্তির ব্যবহারকারী নয়—বরং উৎপাদক, উদ্ভাবক ও বৈশ্বিক অংশীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, প্রযুক্তির মূল লক্ষ্য শুধু উৎপাদনশীলতা বৃদ্ধি নয়; মানুষের জীবনযাত্রা সহজ করা, নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন এবং সমাজের বৈষম্য হ্রাসেও প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বাণীর শেষে প্রধান উপদেষ্টা ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।