কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডা সীমান্তে শিশুসহ ১৯ জন বাংলাদেশিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিজিবির কাছে হস্তান্তর করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর সম্পন্ন হয়।
আটকদের মধ্যে ৯ জন নারী, ৯ জন পুরুষ ও একজন শিশু রয়েছে। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং সেখানে সাজাভোগের পর দেশে ফেরত পাঠানো হয়েছে।
অমানগন্ডা ১০ বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. মোস্তফা বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ভবানীপুর নিউনিদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার দীপংকর সাহার নেতৃত্বে বিএসএফ ও বিজিবি সদস্যরা পতাকা বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে বিএসএফ ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।
তিনি আরও জানান, ফেরত আসা ব্যক্তিদের নাম–ঠিকানা যাচাই করা হচ্ছে এবং প্রাথমিক প্রক্রিয়া শেষে তাদের চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হবে।