চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা। মাত্র ১৫ হাজার টাকার জন্য রাজমিস্ত্রি হারুনের (৪৫) মরদেহ দাফনের আগে আটকে রাখেন স্থানীয় সুদ ব্যবসায়ী মর্জিনা খাতুন।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, শনিবার মেয়ের বাড়ি মেহেরপুরের মহাজনপুরে বেড়াতে গিয়ে হারুন স্ট্রোকে মারা যান। রোববার মরদেহ নিজ গ্রামে আনা হলে দাফনের প্রস্তুতির সময় মর্জিনা দাবি করেন, হারুনের কাছে সুদসহ ২২ হাজার টাকা পাওনা রয়েছে। টাকা না দিলে দাফন করতে দেবেন না বলেও হুমকি দেন।
প্রায় এক ঘণ্টা লাশ আটকে রাখার পর শোকাহত পরিবার দরকষাকষি করে ১৫ হাজার টাকা জোগাড় করে মরদেহের খাটিয়ায় রাখে। টাকা হাতে নিয়েই মর্জিনা সরে পড়েন।
স্থানীয় ইউপি সদস্য আতিয়ার রহমান বলেন, “মৃত্যুর পর মরদেহ আটকে টাকা আদায় ঘৃণিত ও লজ্জাজনক কাজ।” এলাকাবাসী জানান, মর্জিনা দীর্ঘদিন ধরে সুদের কারবার চালাচ্ছেন এবং অভিযোগকারীদের হয়রানি করেন।
দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবীর জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।