ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে নিবন্ধনকারী ৫ লাখ ১৮ হাজার ৬০৩ জন ভোটারের কাছে নির্বাচন কমিশন (ইসি) ব্যালট প্রেরণ করেছে।
আজ শনিবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে জানান, শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেশের অভ্যন্তরে (আইসিপিভি) নিবন্ধনকারী এই ভোটারদের কাছে ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৭ হাজার ৩৬৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ হাজার ৯০২ জন ভোটদান সম্পন্ন করেছেন। এছাড়া ২ হাজার ৩৯৪ জন ভোটার পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।
প্রবাসী ভোটারদের মধ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসী গন্তব্যে পৌঁছেছে। ৫ লাখ ১৮ হাজার ৩৪৫ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৫৮ হাজার ৫৯ জন ভোটদান সম্পন্ন করেছেন। একই সঙ্গে ৪ লাখ ১০ হাজার ৯২৮ জন প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।
অপর দিকে, ১ লাখ ৪৪ হাজার ৮৬০ জন প্রবাসী ভোটের ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।
সালীম আহমাদ খান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে (দেশে ও প্রবাসী মিলে) মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন।