দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম মঙ্গলবার দেওয়া এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গত একদিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১২৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৮ জন এবং ঢাকার বাইরের জেলাগুলোতে ৯৫ জন। চট্টগ্রাম বিভাগে ৮২ জন, বরিশালে ৫১ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহে ৪৫ জন, রাজশাহীতে ৩০ জন, রংপুরে ৩ জন এবং সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।
এ সময়ে সারা দেশে ৫৭৮ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। চলতি বছর মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ১৯৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫ হাজার ৫৭৭ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৩৮৬ জনের।
এর আগে ২০২৪ সালে মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে মৃত্যু হয়েছিল এক হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।