প্রায় দুই বছরের বিরতি শেষে আবারও সিনেমায় ফিরছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সম্প্রতি একটি ইভেন্টে অংশ নিয়ে নিজের নতুন সিনেমা ‘দুর্বার’ নিয়ে কথা বলেন তিনি। এ সময় আলোচনায় আসে শাকিব খান প্রসঙ্গ এবং তার সঙ্গে আবারও পর্দা ভাগাভাগি করার সম্ভাবনা।
ঢালিউডে শাকিব খান–অপু বিশ্বাস জুটি একসময় ছিল দর্শকপ্রিয়তার শীর্ষে। অর্ধশতাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করলেও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের পর দীর্ঘদিন তাদের একসঙ্গে দেখা যায়নি। ফলে ভক্তদের মধ্যে এখনও প্রশ্ন—এই জুটিকে কি আবারও পর্দায় দেখা যাবে?
এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, শাকিব খান একজন গ্লোবাল স্টার, সুপারস্টার, মেগাস্টার। তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তিনি জানান, বিরতি কাটিয়ে আবার কাজে ফিরেছেন এবং সবার সহযোগিতা পাচ্ছেন। এমন অবস্থায় যদি কোনো হৃদয়বান প্রযোজক এগিয়ে আসেন, তাহলে দর্শকদের সেই চাওয়া পূরণ হতেও পারে।
শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা স্মরণ করে অপু বলেন, তারা দুজন একসঙ্গে মোট ৭২টি সিনেমায় অভিনয় করেছেন। প্রযোজক ও পরিচালকদের সহযোগিতার কারণেই এতগুলো কাজ করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে নিজের কামব্যাক সিনেমা ‘দুর্বার’ নিয়ে বেশ আশাবাদী অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় নির্মিত থ্রিলারধর্মী এই সিনেমার ফার্স্ট লুক সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোস্টারে রক্তমাখা মুখ ও রহস্যময় দৃষ্টিতে দেখা গেছে অপুকে, যা দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে এমন দুর্ধর্ষ লুকে আগে কখনো দেখা যায়নি তাকে।
সিনেমার গল্প সম্পর্কে জানতে চাইলে রহস্য বজায় রেখে অপু বলেন, এই মুহূর্তে তিনি নিজেও পুরো গল্প জানেন না। সিনেমাটি মুক্তি পেলেই দর্শক সব জানতে পারবেন।
বর্তমানে ‘দুর্বার’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন অপু বিশ্বাস। নির্মাতা সূত্র জানায়, ২০২৬ সালের কোনো বড় উৎসবকে কেন্দ্র করে সিনেমাটি দেশজুড়ে মুক্তির পরিকল্পনা রয়েছে।