আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা হাঁস প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান তার হাতে প্রতীক তুলে দেন।
পছন্দের প্রতীক পেয়ে উচ্ছ্বসিত রুমিন ফারহানা বলেন, তিনি তার ভোটার ও কর্মী-সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। তাদের ভালোবাসা ও সমর্থনেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। তিনি জানান, এলাকায় তাকে দেখলে ছোট শিশুরাও ‘আমাদের হাঁস মার্কা’ বলে চিৎকার করে। তাই হাঁস প্রতীকটি শুধু তার নয়, তার ভোটারদের প্রতীক।
তিনি আরও বলেন, তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাধারণ মানুষের প্রার্থী। ভোটাররা যদি তাকে নির্বাচিত করেন, তাহলে তাদের চাওয়া-পাওয়ার ভিত্তিতেই এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে মোট ১৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এতে জেলায় চূড়ান্ত বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। এর মধ্যে দলীয় প্রার্থীরা নিজ নিজ দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীরা পছন্দ অনুযায়ী প্রতীক পেয়েছেন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি তার দলীয় প্রতীক মাথাল বরাদ্দ পেয়েছেন।