বন্যপ্রাণী হত্যা রোধে তৈরি হতে যাওয়া নতুন আইনে আর জামিনের সুযোগ থাকবে না, জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রবিবার (২৬ অক্টোবর) আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরের এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণের আইনে অগ্রগতি হয়েছে, তবে এর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।” উপদেষ্টা আরও জানান, দেশের ৬৪টি জেলায় বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী দল গঠন করা হবে।
ডলফিনের প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, “ডলফিন নদীর সুস্থতার প্রতীক। যেখানে ডলফিন টিকে থাকে, সেখানে নদীও টিকে থাকে, আর নদী টিকে থাকলেই মানুষ বাঁচে।”
তিনি আরও বলেন, “আমরা নিজেরাই আমাদের নদীগুলো দূষিত করছি, অথচ নিজেদের সভ্য জাতি দাবি করছি—এটা পরস্পরবিরোধী।”
রিজওয়ানা হাসান জোর দিয়ে বলেন, বন্যপ্রাণী রক্ষায় শুধু আইন নয়, মানুষের মানসিকতা ও আচরণে পরিবর্তন আনতে হবে। তাঁর মতে, “নিরীহ প্রাণীর প্রতি নিষ্ঠুরতা সমাজের মূল্যবোধের অবক্ষয়ের প্রতিফলন, আর এই নিষ্ঠুরতার বিরুদ্ধে সমাজকে একত্র হতে হবে।”