ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিকিৎসক ডা. তাসনিম জারা। তিনি ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতীক সংগ্রহ করেন।
প্রতীক পাওয়ার পর প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, “গত কয়েকদিন ধরে খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানার বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি। প্রায় প্রতিদিনই মানুষ জানতে চেয়েছেন—আমি কোন প্রতীকে নির্বাচন করছি। আজ সেই প্রশ্নের একটি পরিষ্কার উত্তর পাওয়া গেল।”
তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
ডা. তাসনিম জারা বলেন, “আমরা যে রাজনীতি দেখতে চাই—স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতি—সেই আদর্শকে সামনে রেখেই আমাদের ক্যাম্পেইন পরিচালিত হবে। সবার দোয়া ও শুভকামনা কামনা করছি।”
উল্লেখ্য, প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।