পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের প্রকোপ দ্রুত বাড়ছে। ডিসেম্বরের শুরুতেই হিমেল হাওয়া ও কুয়াশার কারণে জেলায় শীতের অনুভূতি স্পষ্টভাবে তীব্র হয়েছে। টানা কয়েক দিন ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা ওঠানামার পর গতকাল মঙ্গলবার তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
আজ বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। ঘন কুয়াশার কারণে ভোর থেকে বিভিন্ন সড়কে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা যায়।
গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা রোদ থাকলেও ভোর ও সকালের ঠান্ডা বাতাস শীতের প্রভাব বাড়িয়ে দিচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, তীব্র শীতে সকালে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। গলেহাহাট এলাকার এক বাসিন্দা বলেন, ঠান্ডায় হাতব্যথা হয়, বাইক চালাতে কষ্ট হয়। আবার দিনমজুরেরা জানাচ্ছেন, কাজ না করলে আয় নেই, তাই কষ্ট হলেও বের হতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, প্রতিদিনই শীতের তীব্রতা বাড়ছে। কয়েক দিন ধরে তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে থাকলেও গতকাল তা নেমে এসেছে ১১ দশমিক ৭ ডিগ্রিতে। ডিসেম্বরের প্রথম দিকেই এমন শীত শুরু হওয়া মানে সামনে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।