আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনের বলরুমে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ছাড়াও উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত)।
এছাড়া ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
কূটনৈতিক কোরের সদস্যদের মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জাতিসংঘের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত রয়েছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নির্বাচনী প্রক্রিয়া, ভোটগ্রহণ ব্যবস্থাপনা, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ, নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কূটনীতিকদের অবহিত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন ভবনে ফিরে সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানা গেছে।
সুত্রঃবাসস