জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বরিশালের বাংলা বাজার এলাকার রোগ নির্ণয় কেন্দ্রের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাকে যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তারকালে তৌহিদ আফ্রিদি বলেন, ‘আমি ভয় পেয়েছি শুধু আমার স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা। এটা আমাদেরই বাসা। আমার আপন দাদার বাসা। দাদার বাসায় আসছি আমি, কবর জিয়ারত করতে।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ঢাকা থেকে আসা সিআইডির একটি দল তাকে বরিশাল নগরীর বাংলাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। সিআইডির দলকে সাহায্য করেছে পুলিশ।’
এর আগে গত ১৭ আগস্ট কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)। সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয়, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালে নয়, ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন .তখন সংগঠনের হুঁশিয়ারি ছিল, ‘কোনো নাটক নয়, সরাসরি গ্রেপ্তার করতে হবে।’
জেআরএ-এর ফেসবুক পোস্টে বলা হয়, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডিএমপি কমিশনার, জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব) এবং জুলাই ঐক্যসহ অন্যান্য জুলাইয়ের সংগঠনগুলোর পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য আর মাত্র ২৬ ঘণ্টা বাকি। আফ্রিদি বাংলাদেশেই আছে। কোনো নাটক চলবে না, সোজাসাপ্টা গ্রেপ্তার করতে হবে।’