কক্সবাজারের সৈকতে গোসল করার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রের মৃত্যু হয়েছে এবং দুইজন নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে সৈকতের হিমছড়ি পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটেছে।
মৃত উদ্ধারকৃত ছাত্রের নাম কে এম হাসানুর রহমান ওরফে সাবাব (২১)। তিনি ঢাকার মিরপুর থানার এ/৭ পল্লবী দক্ষিণ এলাকার বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে। এ ঘটনার ফলে নিখোঁজ রয়েছেন বগুড়া সদরের দক্ষিণ সনসনিয়া এলাকার আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান এবং দক্ষিণ নারুলি এলাকার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ।
মৃত উদ্ধারকৃত এবং নিখোঁজ সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের বিভাগের শিক্ষার্থী।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) আপেল মাহমুদ বলেন, সকালে ৫ জন বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসে। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজের বিভাগের শিক্ষার্থী। তারা সকালে হিমছড়ি সৈকতে যায়। যার মধ্যে দুইজন বাঁধের উপরে বসে ছিল এবং অপর ৩ জন বাঁধের নিচে নেমে গোসল নামে। এসময় ঢেউয়ের তোড়ে তিনজনই সাগরে ভেসে যায়। যার মধ্য সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করা হয়। বাকি দুজন নিখোঁজ রয়েছে।
তিনি আরও জানান, বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল। ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মী উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।