কুমিল্লার চান্দিনায় ছিনতাইকারী সন্দেহে মো. মুছা (২৬) নামে এক যুবককে বাড়ি থেকে ধরে এনে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার মধ্যরাতে চান্দিনা উপজেলার বরকরই ইউনিয়নের চাঁদসার গ্রামে ঘটনা ঘটে। নিহত মুছা ওই ইউনিয়নের কাদুটি গ্রামের আলাউদ্দিনের ছেলে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে। সোমবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদসার গ্রামের ময়নাল হোসেন কাদুটি বাজারে মোবাইল ফোনের ব্যবসা করেন। ১০ দিন আগে ময়নালকে রাতের অন্ধকারে ছিনতাইকারীরা আক্রমণ করে নগদ সাড়ে ৩ লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ওই ঘটনায় ময়নাল মুছাকে সন্দেহ করে। মুছা গত ৮-১০ দিন বাড়িতে না থাকায় সন্দেহ আরও বেড়ে যায়।
রোববার রাতে মুছা বাড়িতে আসলে তার বাড়ির লোকজন ময়নালকে খবর দেয়। রাত সাড়ে ১২টায় ময়নাল, তোফাজ্জলসহ কয়েকজন এসে মুছাকে বাড়ি থেকে ধরে নিয়ে গণপিটুনি দেয়। এই সময় ঘটনাস্থলেই মুছার মৃত্যু হয়। হামলাকারীরা মরদেহ ফেলে আত্মগোপনে চলে যায়।
ব্যবসায়ী ময়নাল হোসেনের চাচাতো ভাই ইউপি সদস্য সামির হোসেন বলেন, মুছাকে পিটিয়ে হত্যার ঘটনায় তার পরিবারের লোকজন ফোন করে হামলাকারীদের খবর দেয়।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রাথমিকভাবে তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।