এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতকে ১–০ গোলে হারানোর পর জাতীয় ফুটবল দলের জন্য দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গতকাল জাতীয় স্টেডিয়ামে পুরো ম্যাচ উপভোগের পর তিনি ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে উদ্যাপন করেন এবং সেখানেই পুরস্কারের ঘোষণা দেন।
জাতীয় দলের টিম ম্যানেজার আমের খান জানান, এ ঘোষণা খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করেছে।
এর আগেও নারী ফুটবল দলকে দুই দফায় দেড় কোটি টাকা পুরস্কার দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা—সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে এক কোটি এবং এশিয়া কাপে কোয়ালিফাই করায় ৫০ লাখ টাকা।
গতকালকের জয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতকে হারিয়ে এ বছরের আন্তর্জাতিক অঙ্গনে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। ২০২৫ সালে এখন পর্যন্ত আট ম্যাচে এটি দলের দ্বিতীয় জয়।