দরজায় তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন: ঘুমন্ত শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে এক বিএনপি নেতার ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘুমন্ত অবস্থায় সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ছাড়া ওই বিএনপি নেতা ও তাঁর দুই মেয়ে গুরুতর দগ্ধ হয়েছেন।

গতকাল শুক্রবার গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে নিহত শিশুর নাম আয়েশা আক্তার। দগ্ধ ব্যক্তিরা হলেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও সূতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী বেলাল হোসেন (৫০) এবং তাঁর দুই মেয়ে বীথি আক্তার (১৭) ও স্মৃতি আক্তার (১৪)।

স্থানীয়রা জানান, রাতের খাবার শেষে বেলাল হোসেনের পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দুইটার দিকে দুর্বৃত্তরা ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পেট্রলের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

দগ্ধ অবস্থায় বেলাল হোসেন ও তাঁর দুই মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে বীথি আক্তার ও স্মৃতি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলাল হোসেন বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান অভিযোগ করে বলেন, “পরিকল্পিতভাবে দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে। এটি একটি নৃশংস সন্ত্রাসী হামলা। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার দাস জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে এক শিশুর মরদেহ উদ্ধার করে এবং দগ্ধ তিনজনকে হাসপাতালে পাঠায়। আগুনের কারণ তদন্ত করা হচ্ছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, “ঘুমন্ত অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এটি পরিকল্পিত অগ্নিসংযোগ কি না, তা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *