২০২৭ সালের জুলাই মাস থেকে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সব লেনদেন ক্যাশলেস হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এতে আন্ত-প্রতিষ্ঠান লেনদেন ব্যবস্থার মাধ্যমে নগদ উত্তোলনের প্রয়োজনীয়তা প্রায় শূন্য হয়ে যাবে।
সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে গভর্নর এ তথ্য জানান।
তিনি বলেন, ‘লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে ডিজিটাইজেশনের বিকল্প নেই। আন্ত লেনদেন ব্যবস্থা চালু হলে দুর্নীতি কমবে, রাজস্ব আদায় বাড়বে এবং অর্থনীতিতে গতি আসবে।’
অনুষ্ঠানে গেটস ফাউন্ডেশনের মোজোলুপের সঙ্গে বাংলাদেশ ব্যাংক আন্ত লেনদেন প্ল্যাটফর্ম স্থাপনে একটি চুক্তি সই করে। নিরাপত্তাজনিত কারণে চুক্তিটি ভার্চুয়ালি সম্পন্ন হয়েছে বলে জানান গভর্নর। তিনি আরও বলেন, ‘মোজোলুপের সহায়তায় এই প্ল্যাটফর্মের নাম হবে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (IIPS)।’
গভর্নরের মতে, এই নতুন ব্যবস্থা চালু হলে দেশের আর্থিক খাত এক নতুন ডিজিটাল যুগে প্রবেশ করবে।