বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের কেবিনে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, দায়িত্বশীল সূত্র ছাড়া খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কোনো তথ্য প্রচার না করার জন্য অনুরোধ করা হয়েছে। দলীয়ভাবে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
গত রোববার রাত ৮টায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। বোর্ডে আরও রয়েছেন অধ্যাপক এফএস সিদ্দিকী, ডা. জাফর ইকবাল, ডা. জিয়াউল হক, ডা. মামুন আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাইফুল ইসলাম।
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া গত ৭ জানুয়ারি লন্ডনে যান এবং ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর নিয়মিত চেকআপের অংশ হিসেবে তিনি হাসপাতালে যাচ্ছিলেন।