ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে “পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারতে অবস্থানরত অবস্থায় পাঁচ পৃষ্ঠার এক বিবৃতিতে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় “আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিস্ক্রিয় করার কৌশল।” বিদেশি নানা গণমাধ্যমে প্রকাশিত এই বিবৃতিতে তিনি পুরো বিচারপ্রক্রিয়াকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে অভিযোগগুলো অস্বীকার করেন।
হাসিনা আরও জানান, চাইলে অন্তর্বর্তী সরকার এ অভিযোগ হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে নিতে পারে। মানবাধিকার ও উন্নয়ন বিষয়ে নিজের রেকর্ড নিয়েও তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন।
এর আগে সোমবার দুপুরে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় দোষ স্বীকার করে রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এটি জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের প্রথম রায়।