প্রথম ক্রিকেট বিশ্বকাপের আসরে ওয়েস্ট ইন্ডিজের জয়ের অন্যতম নায়ক বার্নার্ড জুলিয়েন আর নেই। ৭৫ বছর বয়সে ত্রিনিদাদের ভালসাইনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
১৯৭৫ সালের ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাট-বলে দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে অপরাজিত ২৬ রানের ইনিংস খেলেছিলেন জুলিয়েন। তবে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তার বোলিংয়ে কিউইরা গুটিয়ে যায় মাত্র ১৫৮ রানে। পুরো টুর্নামেন্টে ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে ছিলেন দলের অন্যতম সেরা বোলার। ব্যাট হাতে করেছিলেন ৪৮ রান।

জুলিয়েনকে স্মরণ করে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অধিনায়ক ক্লাইভ লয়েড বলেন, “সে সবসময় শতভাগ দিত, দায়িত্ব এড়াত না। ব্যাট-বলের ওপর তার প্রতি আমার পূর্ণ আস্থা ছিল।”
১৯৭৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া জুলিয়েন ২৪ টেস্ট ও ১২ ওয়ানডে খেলেছেন। টেস্টে দুটি সেঞ্চুরি এবং ৫০টি উইকেট নিয়েছেন তিনি। লর্ডসে করা ক্যারিয়ারসেরা ১২১ রানের ইনিংস আজও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।