কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে বড় ভাই বিল্লাল হোসেন তার মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত বিল্লাল পলাতক রয়েছে, তবে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরেই বিল্লাল মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সোমবার সকালে মাদক নিয়ে বাড়িতে প্রবেশ করলে ছোট ভাই কামাল তাকে বাধা দেন। এ সময় তর্কাতর্কির এক পর্যায়ে বিল্লাল ছুরি দিয়ে কামালকে এলোপাতাড়ি আঘাত করেন। মা রাহেলা বেগম ছেলেকে রক্ষা করতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
ঘটনাস্থলেই কামালের মৃত্যু হয়। গুরুতর আহত রাহেলা বেগমকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। নিহতদের মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পলাতক বিল্লালকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।