চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কম্পানির মাধ্যমে পরিচালনা সংক্রান্ত রিটের ওপর হাইকোর্ট আগামী ৪ ডিসেম্বর রায় দেবেন। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার শুনানি শেষে রায় ঘোষণার তারিখ ঠিক করেন।
রিটকারীর পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ ও ব্যারিস্টার আনোয়ার হোসেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, “নির্বাচিত সরকার যে সিদ্ধান্ত নিতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারও একই সিদ্ধান্ত নিতে পারে।”
এর আগে ১৩ নভেম্বর তিনি আদালতকে আশ্বস্ত করেন যে, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এনসিটি কোনো বিদেশি কম্পানির কাছে হস্তান্তর করা হবে না।
গত ৩০ জুলাই হাইকোর্ট রুল জারি করে জানতে চায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কম্পানির সঙ্গে এনসিটি পরিচালনায় চলমান চুক্তির প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না।