ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম। তাঁর মৃত্যুতে দেশের রাজনীতি এবং বিশেষ করে বিএনপি নেতৃত্বে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।
শোকবার্তায় শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, ‘আমি তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন তাঁদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন।’
ঢাকা ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর এটিই শেখ হাসিনার পক্ষ থেকে প্রথম বড় ধরনের আনুষ্ঠানিক শোকবার্তা।
দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর থেকে তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার দিবাগত রাতের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত হন। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টার পর মঙ্গলবার ভোর ৬টায় তাকে মৃত ঘোষণা করা হয়।
নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পাওয়া বেগম খালেদা জিয়া টানা চার দশকের বেশি সময় বিএনপির নেতৃত্ব দেন। তিনবার প্রধানমন্ত্রী এবং দুবার বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করা এই রাজনীতিক কখনো সংসদ নির্বাচনে পরাজিত হননি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ ও প্রতিকূলতার মধ্যেও দেশ ছাড়েননি এমন দৃঢ় অবস্থানের কারণেই বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।