গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিশ্ববিদ্যালয়গুলোর সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, “ছাত্রদল ও শিবির তো এতদিন ক্যাম্পাসে ঢুকতেই পারত না, প্রকাশ্যে পরিচয়ও দিতো না। তবু সব বিশ্ববিদ্যালয়ে তাদের জয়জয়কার—এটা আমার কাছে রহস্যজনক।”
শনিবার (১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘পলিটিক্স ল্যাব: পাবলিক ডায়ালগ’ শীর্ষক সংলাপে নুর এসব কথা বলেন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) ও ফ্রেডরিখ এবার্ট স্টিফটুং-এর সহযোগিতায় এই সংলাপের আয়োজন করা হয়।
নুর বলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের একেবারে ভূমিধস জয় হয়েছে। অনেক স্বতন্ত্র প্রার্থীও শিবিরের নেক্সাসের সঙ্গে যুক্ত। তিনি প্রশ্ন তোলেন, বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত তরুণরা কেন তাদের ভোট দিলো।
তিনি বিশ্লেষণ করে বলেন, শিবিরের এই সাফল্যের পেছনে কাজ করছে তাদের “কল্যাণভিত্তিক রাজনীতি”, যেখানে ছাত্রদের নানা সুবিধা দেওয়া হয়, যেমন হাসপাতাল চুক্তির মাধ্যমে কম খরচে চিকিৎসা।
নুর বলেন, “যে তরুণদের নিয়ে আমরা পরিবর্তনের স্বপ্ন দেখি, তারা যদি সুবিধার বিনিময়ে ভোট দেয়, তাহলে জনসচেতনতার অভাবের কারণে অযোগ্য নেতৃত্বই আসে।”
সংলাপে বিএনপি, এবি পার্টি, সিপিবি, এনসিপি ও অন্যান্য নেতারা অংশ নিয়ে দেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে মতামত দেন।