রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে মাঝারি আকারের একটি কুমির দেখতে পাওয়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত দুই দিন ধরে নদীর ওই অংশে কয়েকবার কুমিরটি ভেসে উঠতে দেখা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সদর উপজেলার বরাট ইউনিয়নের ২৮ নম্বর উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে কুমিরটি দেখা যায়। ওই স্থানে নিয়মিত স্থানীয় মানুষ গোসল ও কাপড় ধোয়ার কাজ করেন। ফলে কুমিরের উপস্থিতিতে এলাকাবাসীর মধ্যে ভয় ও উদ্বেগ তৈরি হয়েছে।
উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান বলেন, মঙ্গলবার দুপুরে কুমির দেখার খবরে নদীর পাড়ে লোকজন ভিড় করেন। বিদ্যালয়ের সামনেই কুমির দেখতে পাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এলাকাবাসী এনায়েত মওলা জানান, বুধবার সকালেও কুমিরটি দেখা গেছে। সকালে নদীতে কাপড় ধোয়ার সময় এক গৃহবধূ কুমিরটি দেখে চিৎকার করে দ্রুত ফিরে আসেন।
এ বিষয়ে রাজবাড়ী সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী বন সংরক্ষক সানজিদা সুলতানা বলেন, কুমির দেখা যাওয়ার খবর পাওয়ার পর এলাকাবাসীকে সচেতন করতে মাইকিং করা হয়েছে। কুমিরের গতিবিধি পর্যবেক্ষণে বন বিভাগ কয়েক দিন সেখানে পাহারা দেবে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায় জানান, তাৎক্ষণিকভাবে নদীর ওই অংশে সাধারণ মানুষকে নামতে নিষেধ করা হয়েছে। সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন ও লাল কাপড় টানানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের বাড়তি নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে।