মাত্র ছয় মাসে ১৮ কেজি অর্থাৎ ৭৮ থেকে ৬০ কেজিতে ওজন কমিয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমে নিজের ওজন কমানোর অভিজ্ঞতা ও রূপান্তরের ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।
লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করা বাঁধন সময়ের সঙ্গে নাটক, ওয়েব ফিল্ম ও সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বড় পর্দায় অভিনয়ের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। অভিনয়ের পাশাপাশি তার ফিটনেস ও আত্মবিশ্বাসী উপস্থিতিও বরাবরই নজর কেড়েছে দর্শকদের।

সম্প্রতি বাঁধন জানান, তিনি ৭৮ কেজি থেকে নেমে এসেছেন ৬০ কেজিতে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে অভিনেত্রী লেখেন, ৭৮ কেজি থেকে ৬০ কেজিতে পৌঁছানো সহজ ছিল না। মানসিক স্বাস্থ্যজনিত সংগ্রাম, অস্বাস্থ্যকর জীবনযাপন ও বংশগত কারণে তার ওজন বেড়েছিল। তবে সঠিক চিকিৎসকের পরামর্শ, শৃঙ্খলা এবং নিজের ওপর বিশ্বাস রেখে তিনি মাত্র ছয় মাসে ১৮ কেজি ওজন কমাতে সক্ষম হয়েছেন।

তিনি আরও জানান, এই যাত্রায় তার সবচেয়ে বড় প্রেরণা ছিলেন তার মেয়ে। শরীরচর্চা করা, জাঙ্ক ফুড এড়িয়ে চলা এবং প্রতিদিন নিজেকে বিশ্বাস করার অনুপ্রেরণা তিনি মেয়ের কাছ থেকেই পেয়েছেন। বাঁধনের ভাষ্য, এটি শুধু ওজন কমানোর গল্প নয়; বরং নিরাময়, শক্তি ও আত্মসম্মান ফিরে পাওয়ার একটি প্রক্রিয়া, যা এখনো চলমান।
বাঁধনের এই রূপান্তরে ভক্তদের প্রতিক্রিয়াও ইতিবাচক। অনেকেই সামাজিক মাধ্যমে এটিকে অনুপ্রেরণামূলক ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।

কাজের দিক থেকে বর্তমানে বাঁধন ব্যস্ত সময় পার করছেন নির্মাতা তানিম নূরের নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে। হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমায় অভিনয়ের জন্যও তিনি পেয়েছেন মেয়ের উৎসাহ। বাঁধনের মতে, প্রিয় নির্মাতা, সহশিল্পী এবং হুমায়ূন আহমেদের গল্পে দীর্ঘদিন পর কাজ করার সুযোগ তার কাছে বিশেষ গুরুত্ব বহন করছে।