বিমানের টিকিট না পাওয়ায় রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ এক দিন পিছিয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৮ জানুয়ারি (বুধবার) সমাবেশটি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন সূচি অনুযায়ী বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদরাসা ময়দান) নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। এ সমাবেশে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৩টি নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেবেন।
জানা গেছে, ২৮ জানুয়ারি বিমানের টিকিট না পাওয়ায় সমাবেশের তারিখ এক দিন পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে গত শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী সদর আসনের প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাসায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাবেশটি বৃহৎ ও ঐতিহাসিকভাবে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
মিজানুর রহমান মিনু বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে সমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়টি তাকে অবহিত করেন। তিনি জানান, অন্য কোনো কারণে নয়, শুধুমাত্র বিমানের টিকিট না পাওয়ায় ২৮ জানুয়ারির পরিবর্তে ২৯ জানুয়ারি সমাবেশ অনুষ্ঠিত হবে।