আগামী ১২ তারিখের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। দেশে এর আগেও নির্বাচন হয়েছে, তবে এই নির্বাচনের স্বচ্ছতার দিকে যেমন দেশের মানুষ তাকিয়ে আছে, তেমনি আন্তর্জাতিক মহলের দৃষ্টিও এদিকে রয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’-এর মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষ এখন যথেষ্ট সচেতন। দেশের কল্যাণে কী সিদ্ধান্ত প্রয়োজন, সেটি জনগণই ঠিক করবে। যেসব জায়গায় সংস্কার প্রয়োজন, সেখানে সংস্কার করা হবে। দেশের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আমরা কিছু উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু সব শেষ করতে পারিনি। জনগণের কল্যাণের কথা ভেবেই এসব উদ্যোগ নেওয়া হয়েছিল। অতীতে দেখা গেছে, এক সরকার কিছু শুরু করলে পরবর্তী সরকার এসে তা বাতিল করে দেয়। ভবিষ্যতে যে সরকার দায়িত্ব নেবে, তারা যেন এসব কার্যক্রম এগিয়ে নিয়ে যায়—এই প্রত্যাশা আমাদের।
অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশে বিপুল সম্ভাবনা রয়েছে। তবে আমরা চাইলে আরও অনেক দূর এগিয়ে যেতে পারতাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, জেলার ৯টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।