চীনের পণ্যে মার্কিন শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন তিনি।
ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এক বছরের বাণিজ্য চুক্তি হয়েছে, যা নিয়মিতভাবে নবায়ন করা হবে। এই চুক্তির অংশ হিসেবে চীন আমেরিকান সয়াবিন কেনা, বিরল ধাতু রপ্তানি অব্যাহত রাখা এবং ফেন্টানিলের অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণে সম্মত হয়েছে।
এ ছাড়া চীনের ফেন্টানিলে আরোপিত ২০ শতাংশ শুল্ক কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, এসব শুল্কছাড় তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
তিনি আরও জানান, আগামী এপ্রিল মাসে চীন সফর করবেন, পরে সি চিন পিং যুক্তরাষ্ট্র সফর করবেন।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তির সম্ভাবনা আরও জোরদার হলো।