মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। প্রশাসনিক ধারাবাহিকতা ও জাতীয় নিরাপত্তা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আদালত।
রোববার (৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট মাদুরোর অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনায় শূন্যতা এড়াতে ডেলসি রদ্রিগেজকে সাময়িকভাবে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
আদালতের রায়ে উল্লেখ করা হয়, প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা জরুরি। একই সঙ্গে প্রেসিডেন্টের অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনা, সরকারের বৈধতা এবং সার্বভৌমত্ব রক্ষায় কোন আইনগত কাঠামো প্রযোজ্য হবে, সে বিষয়ে আদালত আরও আলোচনা ও পর্যালোচনা করবে।
এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আপাতত ভেনেজুয়েলায় অন্তর্বর্তী নেতৃত্বের কাঠামো কার্যকর হলো।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী কাজ করলে দেশটিতে সরাসরি মার্কিন সেনা মোতায়েন করা হবে না। নিউইয়র্ক পোস্টের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প জানান, ডেলসি রদ্রিগেজ ইতোমধ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।
নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার রাষ্ট্রক্ষমতার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে আন্তর্জাতিক পরিসরে আলোচনা শুরু হয়। এমন পরিস্থিতিতে ট্রাম্প বলেন, ডেলসি রদ্রিগেজ যদি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী পদক্ষেপ নেন, তাহলে সেখানে সরাসরি মার্কিন সামরিক উপস্থিতির প্রয়োজন হবে না।