ভারতের পশ্চিমবঙ্গ ও বলিউডের কয়েকজন তারকার বিরুদ্ধে অবৈধ বেটিং অ্যাপের বিজ্ঞাপনী প্রচার ও আর্থিক লেনদেনের অভিযোগে কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘১এক্সবেট’ নামের একটি অবৈধ বেটিং অ্যাপ–সংক্রান্ত আর্থিক কেলেঙ্কারির মামলায় শুক্রবার মোট ৭ কোটি ৯৩ লাখ রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। জব্দকৃত সম্পত্তির তালিকায় রয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, অভিনেতা অঙ্কুশ হাজরা, সাবেক ক্রিকেটার যুবরাজ সিং ও রবিন উথাপ্পা।
ইডির তথ্যমতে, মিমি চক্রবর্তীর ৫৯ লাখ রুপি এবং অঙ্কুশ হাজরার ৪৭ লাখ ২০ হাজার রুপির সম্পত্তি জব্দ করা হয়েছে। ক্রিকেটার যুবরাজ সিংয়ের ২ কোটি ৫০ লাখ এবং রবিন উথাপ্পার ৮ লাখ ২৬ হাজার রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।
এ ছাড়া অভিনেত্রী উর্বশী রাউতেলার ২ কোটি ২ লাখ, অভিনেতা সোনু সুদের ১ কোটি এবং অভিনেত্রী নেহা শর্মার ১ কোটি ২৬ লাখ রুপির সম্পত্তি জব্দ করেছে ইডি। উর্বশী রাউতেলার জব্দকৃত সম্পত্তি তার মায়ের নামে ছিল বলে জানিয়েছে তদন্ত সংস্থা।
দীর্ঘদিন ধরে চলমান এই বেটিং অ্যাপ কেলেঙ্কারির তদন্তে এর আগে একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করে ইডি। দিল্লিতে কেন্দ্রীয় দপ্তরে ডেকে কয়েক ঘণ্টা জেরা করা হয় মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরাকে। তদন্তকারীদের দাবি, সংশ্লিষ্ট তারকারা অবৈধ বেটিং অ্যাপের প্রচারণায় অংশ নিয়ে আর্থিক সুবিধা নিয়েছেন, যা অবৈধ উৎসের অর্থ হিসেবে বিবেচিত।
এর আগে একই মামলায় সাবেক ক্রিকেটার শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার সাড়ে ১১ কোটি রুপির সম্পত্তি জব্দ করা হয়েছিল। তদন্তের ধারাবাহিকতায় এবার আরও সাত তারকার বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো।