জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৩টা পর্যন্ত। দীর্ঘদিন পর জকসু নির্বাচন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা।
বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ চলছে। একই দিনে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী হল সংসদ নির্বাচনও। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন রোভার স্কাউট ও বিএনসিসির সদস্যরা।
এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। জকসুর ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫৭ জন প্রার্থী এবং হল সংসদের ১৩টি পদে লড়ছেন ৩৩ জন প্রার্থী। ভোটগ্রহণ শেষে ৬টি গণনা মেশিনে ব্যালট গণনা করা হবে। ফলাফল ঘোষণা করা হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে, যেখানে এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে ভোটগণনা।
নির্বাচনে অংশ নেওয়া উল্লেখযোগ্য প্যানেলের মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ এবং বামপন্থী মওলানা ভাসানী ব্রিগেড প্যানেল। পাশাপাশি নির্বাচনে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণের কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তা স্থগিত করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নতুন তারিখ হিসেবে ৬ জানুয়ারি নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নির্বাচন প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, তিনি আশা করেন শিক্ষার্থীরা উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক জানান, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে।