আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে তার আয়, সম্পদ ও মামলার বিস্তারিত তথ্য জানা গেছে।
বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, নুরুল হক নুর পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসা থেকে তার বার্ষিক আয় ১৫ লাখ ৮৫ হাজার ৪২৬ টাকা এবং অন্যান্য উৎস থেকে আয় ৪ লাখ ৫৪ হাজার ৬২২ টাকা। সব মিলিয়ে তার মোট বার্ষিক আয় ২০ লাখ ৪০ হাজার ৪৮ টাকা।
হলফনামায় উল্লেখ করা হয়েছে, নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। এর মধ্যে নগদ অর্থ রয়েছে ২৮ লাখ ৩৮ হাজার ২১৭ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ২ লাখ ৮৯ হাজার ৩১৩ টাকা এবং কোম্পানির শেয়ারে বিনিয়োগ ২ লাখ ৭৫ হাজার টাকা। ওয়ারিশ সূত্রে প্রাপ্ত আমানতের পরিমাণ দেখানো হয়েছে ৫৫ লাখ ৮০ হাজার ৩১১ টাকা।
নুরের নামে প্রায় ৮২ ডেসিমাল কৃষি জমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য ৬২ হাজার টাকা। পাশাপাশি তার নামে দেনা রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ১৬০ টাকা।
হলফনামায় তার স্ত্রী মারিয়া আক্তারের পেশা শিক্ষকতা হিসেবে উল্লেখ করা হয়েছে। স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। এর মধ্যে নগদ অর্থ ৩০ হাজার ৯৪১ টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৭৭ টাকা।
মামলা সংক্রান্ত তথ্যে বলা হয়েছে, নুরুল হক নুরের বিরুদ্ধে বর্তমানে দেশের বিভিন্ন আদালতে ৬টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে কয়েকটি তদন্তাধীন এবং কয়েকটিতে তিনি এজাহারভুক্ত ও অভিযুক্ত। এছাড়া ৮টি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।
পারিবারিক তথ্যে উল্লেখ করা হয়েছে, নুরুল হক নুরের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তার বাবা-মা ও ভাই-বোন তার ওপর নির্ভরশীল।
উল্লেখ্য, সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহামুদুল হাসানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।