অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্রসৈকতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এই হামলা ঘটে। ঘটনার পর সিডনিজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার পর বন্ডি সমুদ্রসৈকতে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালায়। সে সময় ইহুদিদের ধর্মীয় উৎসব ‘হানুক্কাহ’ উপলক্ষে সৈকতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে শত শত মানুষ উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এ সময় সৈকতজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শত শত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে যান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, প্রায় ৫০টির মতো গুলির শব্দ শোনা গেছে।
স্থানীয় বাসিন্দা ৩০ বছর বয়সী হ্যারি উইলসন জানান, তিনি নিজ চোখে অন্তত ১০ জনকে মাটিতে লুটিয়ে থাকতে দেখেছেন। চারদিকে রক্ত ছড়িয়ে ছিল বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশ ব্যাপক তল্লাশি ও অভিযান শুরু করে।
পুলিশ সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এ ছাড়া পুলিশের গুলিতে এক বন্দুকধারী আহত হয়েছেন বলেও জানা গেছে।
ঘটনার পর বন্ডি সৈকত ও আশপাশের এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলতে এবং পুলিশের নির্দেশনা মেনে চলার জন্য জরুরি আহ্বান জানানো হয়েছে।
এদিকে এই ঘটনায় পুরো সিডনি শহরে আতঙ্ক ছড়িয়ে পড়লেও প্রবাসী বাংলাদেশিদের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানিয়েছে, সিডনিতে বসবাসরত বাংলাদেশিরা নিজ নিজ এলাকায় নিরাপদে আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিডনি কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিচ্ছে।