দেশের বাজারে আজ বুধবার (৭ জানুয়ারি) স্বর্ণের দাম আরও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকায়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভরিতে ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে এই দাম কার্যকর করা হয়।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকায়। ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকায়।
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। গয়নার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে চলতি বছরের ৪ জানুয়ারি সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করা হয়। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।
চলতি বছরে এ নিয়ে তৃতীয়বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে দুই দফা দাম বেড়েছে, আর এক দফা কমেছে। গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। ভরিতে ৩৮৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯২৫ টাকা। ২১ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়, ১৮ ক্যারেট ৪ হাজার ৮৪১ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬৩৯ টাকা।
চলতি বছরে রুপার দাম এ নিয়ে দ্বিতীয়বার সমন্বয় করা হলো।