সব স্কুল-কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্তের নেওয়া হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় উপজেলার আইন-শৃঙ্খলা, চোরাচালান ও নাশকতা প্রতিরোধ, শিক্ষা ও আইসিটি বিষয়ক মাসিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম মোবাইল নিষিদ্ধ করার প্রস্তাব দেন। সভায় উপস্থিত সকল সদস্য এই প্রস্তাবের সঙ্গে একমত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন জানান, পাশের মহেশপুরে ইতিমধ্যেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিষয়টি আলোচিত হওয়ায় এবার জীবননগরেও তা বাস্তবায়ন করা হলো।
মোবাইল নিষিদ্ধের রেজল্যুশন আগামী দিনগুলোতে সব স্কুল-কলেজে প্রেরণ করা হবে। প্রশাসন আশা করছে, এই পদক্ষেপ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াবে এবং অনাকাঙ্ক্ষিত ডিজিটাল বিভ্রান্তি কমাবে।