রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন চলাকালে হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার সংলগ্ন কাঁচামালের আড়ত এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন চলাকালে হঠাৎ একদল দুর্বৃত্ত ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। এতে ক্ষুব্ধ ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের তাড়া করলে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হামলার পর বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ‘চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও’, ‘চাঁদাবাজের আস্তানা এই বাংলায় হবে না’—এমন স্লোগান দেন।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, পুলিশ প্রশাসন চাঁদাবাজদের পক্ষে ভূমিকা রেখেছে। তাঁদের দাবি, নিয়মিত মাসোহারা পাওয়ার কারণেই হামলার পরও পুলিশ নীরব থাকে।
কারওয়ান বাজারের এক ব্যবসায়ী বলেন, চাঁদাবাজি বন্ধের দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম। হঠাৎ আমাদের ওপর হামলা করা হয়। ঘটনাস্থলের পাশেই পুলিশ সদস্যরা ছিলেন, তবুও হামলা ঠেকানো হয়নি। তাই আমরা ঐক্যবদ্ধভাবে হামলাকারীদের প্রতিহত করেছি।
এলাকার আরও কয়েকজন ব্যবসায়ী জানান, স্থানীয় চাঁদাবাজ আব্দুর রহমানের বাহিনী এ হামলা চালিয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচিকে তারা ইচ্ছাকৃতভাবে উত্তপ্ত করেছে বলে অভিযোগ করেন তাঁরা।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত। এজাহার দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।